Friday, September 25

সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি ঢাবি ছাত্রশিবিরের

সরকারি চাকরিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের নামে নিয়োগবঞ্চিত করা এবং রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এক যৌথ বিবৃতিতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধা, যোগ্যতা, সততা ও আইনের প্রতি আনুগত্যকে প্রধান ভিত্তি করা উচিত। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়, মতাদর্শ বা পারিবারিক রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তাকে নিয়োগ থেকে বঞ্চিত করা উচিত নয়।

নেতৃবৃন্দের দাবি, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো প্রার্থীর বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন দেওয়া হলে তার সুনির্দিষ্ট, আইনসম্মত ও যাচাইযোগ্য কারণ উল্লেখ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে নিয়োগবঞ্চিত প্রার্থীদের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করে অন্যায্য বঞ্চনার প্রমাণ পাওয়া গেলে দ্রুত প্রতিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক মতপার্থক্যকে অপরাধ হিসেবে বিবেচনা এবং ভিন্নমতের নাগরিকদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার প্রবণতা বন্ধের দাবি জানানো হয়।

অভিযোগ রয়েছে, সারাদেশে বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বশেষ যে প্রক্রিয়া সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। সেই পুলিশ ভেরিফিকেশনে অনেককেই শুধুমাত্র রাজনৈতিক পরিচয় ভিন্ন হওয়ার কারণে বাদ দেয়া হচ্ছে।

ঢাবি ছাত্রশিবির নেতৃবৃন্দ রাজনৈতিক বৈষম্য ও নিয়োগবঞ্চনার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের ন্যায়সংগত প্রতিকার এবং স্বচ্ছ ও মেধাভিত্তিক সরকারি নিয়োগব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

Share.
Leave A Reply

স্বত্ব © 2026 বিডি ২৪ পালস সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম আজম ভূঞা. ডিজাইনার Nexco Studio.
Exit mobile version