Friday, September 25

ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় ইরান ও যুক্তরাষ্ট্রের ৬০ দিনের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়েছে। তবে যুদ্ধবিরতির অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য—হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া—বাস্তবায়িত হয়নি।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা আগে থেকেই ক্ষীণ ছিল। তেহরান ও ওয়াশিংটন দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর সামা টিভি অনলাইনের। 

গত জুনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দুই দেশ ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। সোমবার সেই সময়সীমা শেষ হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।যদিও যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়াকে অনেকটা প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের নেতারা ইঙ্গিত দিয়েছেন, কার্যত ওই চুক্তি আর টিকে নেই।

তবে সময়সীমা পার হওয়া ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জের বিষয়টি স্পষ্ট করেছে। বিশেষ করে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি করানোর ক্ষেত্রে ওয়াশিংটন এখনো সফল হয়নি। 

হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থা

গত ১৭ জুন ট্রাম্প জাঁকজমকপূর্ণভাবে ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতার ঘোষণা দিয়েছিলেন। ওই চুক্তির অন্যতম শর্ত ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া।

বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। কিন্তু ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান প্রণালিটির ওপর কার্যত অবরোধ আরোপ করায় যুদ্ধবিরতির পরও সেটি পুরোপুরি সচল হয়নি।

মার্কিন কর্মকর্তারা আশা করেছিলেন, যুদ্ধবিরতির মাধ্যমে জলপথটিতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরবে এবং বৈশ্বিক জ্বালানি বাজারের ওপর চাপ কমবে। কিন্তু বাস্তবে ইরান কৌশলগত এই জলপথের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অর্থনৈতিক সংঘাতের দিকে দুই দেশ

হোয়াইট হাউসের এক কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত কার্যত অর্থনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হলেও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া-সহ গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো অর্জিত হয়নি।

জুলাইয়ের শেষ দিক থেকে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলার খবর প্রকাশ্যে আসেনি। তবে বিশ্লেষকদের ধারণা, দুই দেশ দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, যা আবারও সরাসরি সামরিক সংঘাতে রূপ নিতে পারে।

Share.
Leave A Reply

স্বত্ব © 2026 বিডি ২৪ পালস সম্পাদক ও প্রকাশক: মো: গোলাম আজম ভূঞা. ডিজাইনার Nexco Studio.
Exit mobile version