হঠাৎ করেই গত জুন মাসের শুরু থেকে স্কুলে আর আসছিল না আবু রায়হান। অথচ মে মাস পর্যন্ত সে নিয়মিত ক্লাস করেছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পিঠাসূতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এই ছাত্র কেন স্কুলে আসছে না তার কারণ খুঁজতে গিয়ে শিক্ষকেরা জানতে পারেন, ঢাকায় একটি দরজির দোকানে কাজ নিয়েছে সে।
তারাকান্দা উপজেলার ভুগলী গ্রামে রায়হানের বাড়ি। তার বাবা আজহারুল ইসলাম দিনমজুরের কাজ করে সংসার চালান। মা রেখা আক্তার ঘরের কাজ করেন।
৫ আগস্ট দুপুরে রায়হানের বাড়িতে গিয়ে কথা বলেছেন প্রথম আলোর এই প্রতিবেদক। শিশুটির মা রেখা আক্তার বললেন, ‘ছেলেরে ঢাকায় দরজির কাজ শিখনের লাইগা দিছি। দুই বছর পেডেভাতে কাজ শিখব। ছেলেও পড়তে চায় না, সংসারেও অভাব।’
রায়হানের মতো দুই মাস বা তারও বেশি সময় ধরে ক্লাসে আসছে না—পিঠাসূতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন শিক্ষার্থীর সংখ্যা অন্তত ১০। তাদেরই একজন পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার। এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সে ক্লাস করেছে। তারপর আর সে স্কুলে যায়নি।
